বাহরাইনের মানামায় ইরানের হামলার পর ধোঁয়া উড়ছে
বার্তা সংস্থার রয়টার্সের গালফ দলের সদস্যরা তাঁদের অন্য প্রতিবেশীদের মতো এখন সিঁড়িতে অথবা জানালাহীন শৌচাগারে গাদাগাদি করে লুকিয়ে থাকছেন। তাঁদের বাড়ির ওপর দিয়ে আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বিকট শব্দ শোনা যাচ্ছে। কেউ কেউ ভীত শিশুদের শান্ত করার চেষ্টা করছেন, কেউ কেউ বিদেশ থেকে উদ্বিগ্ন স্বজন–বন্ধুদের পাঠানো বার্তা সামাল দিচ্ছেন।
আমরা এখন নতুন কিছু বিষয়ে সতর্ক হয়ে উঠেছি। যেমন কোন জানালাটা ফেটে যেতে পারে, কঠিন সময়ে মুরগি বা কলার মতো দৈনন্দিন খাদ্যপণ্য কোথায় খুঁজে পাওয়া যায় এবং প্রতিটি শব্দ—এমনকি প্রতিবেশীর আলমারি বন্ধ করার আওয়াজও বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে।
এই অঞ্চলে নতুন করে বিপজ্জনক হয়ে ওঠা আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পালানোর একমাত্র উপায়, দীর্ঘ মরুভূমি পাড়ি দেওয়া, ইরান যেসব অঞ্চলে হামলা করছে তার ভেতর দিয়ে যাওয়া। আমরা সবাই একটি অসম্ভব প্রশ্নের মুখোমুখি: থেকে যাওয়া, নাকি চলে যাওয়া, এবং চলে যেতে চাইলে তা কীভাবে?
